আগামীকাল শুক্রবার রাবির ভর্তি পরীক্ষা শুরু
নিজস্ব প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (১৬ জানুয়ারি) ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হচ্ছে। ভর্তি জালিয়াতি রোধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি পরীক্ষার্থীদের সার্বিক সহায়তায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
দ্বিতীয়বারের মতো রাজশাহী ক্যাম্পাস ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল এই পাঁচটি আঞ্চলিক কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তথ্য তুলে ধরেন উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর মোট ৪ হাজার ১৭টি আসনের বিপরীতে তিন ইউনিটে আবেদন করেছেন ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘সি’ ইউনিটে আবেদন করেছেন ১ লাখ ২৬ হাজার ২২৫ জন ভর্তিচ্ছু।
আগামীকাল ‘সি’ ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত দুই শিফটে অনুষ্ঠিত হবে। এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ করা হবে।
আগামী ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা দুই শিফটে এবং ২৪ জানুয়ারি এক শিফটে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা :
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৬৮ হাজার ৪৯০ জন, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ লাখ ১৯ হাজার ১৯ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৭ হাজার ৬৪৬ জন, খুলনা অঞ্চলে ২৩ হাজার ৯০৯ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ রংপুর ভেন্যুতে ৩৮ হাজার ২৫৭ জন এবং বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৩০৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
কর্তৃপক্ষের প্রস্তুতি ও নির্দেশনা :
পরীক্ষার্থীদের সহায়তায় ক্যাম্পাসে ১০টি হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। অভিভাবকদের জন্য রাখা হয়েছে ১১টি টেন্ট ও সুপেয় পানির ব্যবস্থা।
সকাল সাড়ে ৯টার পর ক্যাম্পাসের প্রধান সড়কগুলোতে সাধারণ যান চলাচল বন্ধ থাকবে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়তায় বিএনসিসি, রোভার স্কাউট ও ফিজিক্যালি ডিজ অ্যাবল্ড ফোরামের সদস্যরা নিয়োজিত থাকবেন। প্রতিটি একাডেমিক ভবনের প্রবেশপথে বিএনসিসি, রোভার স্কাউট ও গার্ল গাইড সদস্যরা দায়িত্ব পালন করবেন। ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কর্মীদের পাশাপাশি ৬০ জন কোয়ান্টাম সদস্য ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। সিনেট ভবনের সামনে অস্থায়ী পুলিশ কন্ট্রোল বক্স স্থাপন করা হয়েছে।
ভর্তি জালিয়াতি ও প্রক্সি কাণ্ডে-জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।পরীক্ষার্থীদের জন্য জারি করা নির্দেশনায় বলা হয়েছে, এ বছর একটিমাত্র প্রবেশপত্র ইস্যু করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে না পারলে পরীক্ষা শুরুর দুই দিন আগে তা ডাউনলোড করা যাবে। অস্পষ্ট সেলফির কারণে যাদের প্রবেশপত্র ইস্যু হয়নি, তারা পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে পর্যন্ত আইসিটি সেন্টারে যোগাযোগ করে সেলফি ও ছবি আপলোডের মাধ্যমে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
পরীক্ষার হলে কোনো ধরনের মোবাইল ফোন, ক্যালকুলেটর, ব্লুটুথ বা ইলেকট্রনিক ডিভাইস বহন করা যাবে না। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নিজ নিজ আসনে উপস্থিত থাকতে হবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
