শিবগঞ্জ উপজেলায় বিএনপির কার্যালয় ভাংচুর
নিজস্ব প্রতিনিধি:
শিবগঞ্জ উপজেলার আড়গাড়া হাট বিএনপির কার্যালয়ে ভাংচুর চালায় একদল দুর্বৃত্ত । এ সময় কার্যালয়ে থাকা দলীয় প্রতীক ধানের শীষের পাঁচটি খাঁচি ভেঙে পাশের খালের পানিতে নিক্ষেপ করা হয়।
এলাকার স্থানীয় লোকজন জানান বুধবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের আড়গাড়া হাট এলাকায় অবস্থিত ৯ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে রাতের আঁধারে সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত ভিতরে ঢুকে আসবাবপত্র ভাংচুর করে এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালিয়ে যায় ।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দায়পুকুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল বলেন, এটি আমার ব্যক্তিগত অফিস, যা দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হতো। রাতের অন্ধকারে কে বা কাহারা শত্রুতাবশত কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। ধানের শীষের খাঁচিগুলো পানিতে ফেলে দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র এলোমেলো করা হয়েছে এবং কিছু কাগজপত্র নিয়ে গেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতারা বলেন, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হামলা। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, বিষয়টি মুঠোফোনে অবগত হয়েছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
