আগে হবে প্রজ্ঞাপন, তারপর নির্বাচন": রাজশাহীতে বিচার বিভাগীয় কর্মচারীদের বিক্ষোভ মানববন্ধন
স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীতে বিচার বিভাগীয় কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্য দূর করার দাবিতে উত্তাল হয়ে উঠেছে আদালত চত্বর ও জেলা প্রশাসকের কার্যালয় এলাকা। আজ সোমবার সকালে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন, রাজশাহী জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে কর্মচারীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন— "আগে হবে প্রজ্ঞাপন, তারপর নির্বাচন।"
সকাল ১০টা থেকেই রাজশাহীর বিভিন্ন আদালত থেকে কর্মচারীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। এসময় তাদের হাতে থাকা ব্যানার ফেস্টুন ও কণ্ঠে থাকা স্লোগানে রাজপথ প্রকম্পিত হয়ে ওঠে। আন্দোলনরত কর্মচারীরা জানান, বৈষম্য দূর করে বেতন স্কেল ও পদবি পরিবর্তনের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
সমাবেশে বক্তারা বলেন, দেশের প্রতিটি সেক্টরে সংস্কারের কথা বলা হলেও বিচার বিভাগের কর্মচারীরা বরাবরই উপেক্ষিত।
স্বতন্ত্র পে-স্কেল: কাজের গুরুত্ব বিবেচনায় আলাদা বেতন কাঠামো দিতে হবে।এক দফা দাবিতে, বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমাদের দাবি পূরণ না করে নির্বাচনের দিকে এগোলে কর্মচারীরা তা মেনে নেবে না। আগে বৈষম্যমুক্ত কর্মপরিবেশের প্রজ্ঞাপন হাতে চাই, তারপর অন্য কথা।"
বিক্ষোভ সমাবেশ শেষে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি পেশ করেন। তারা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই আন্দোলন চলছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতির মতো কঠোর কর্মসূচির পরিকল্পনাও তাদের রয়েছে।
বিক্ষোভের কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতসহ বিভিন্ন আদালতে বিচারিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। দূর-দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেককে আদালতের বারান্দায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়।
